ভয় এড়াতে গিয়ে কি জীবন আটকে ফেলছেন? জেনে নিন মুক্তির উপায়

প্রকাশ:

মানুষের সামনে কথা বলতে গিয়ে অস্বস্তি, হাত কাঁপা কিংবা কথা আটকে যাওয়ার মতো অভিজ্ঞতার পর অনেকেই সেই পরিস্থিতি এড়িয়ে চলতে শুরু করেন। মনে হতে পারে, “না বলাই ভালো, আবার যদি আগের মতো হয়?” প্রথমবার এড়িয়ে গিয়ে হয়তো সাময়িক স্বস্তি পাওয়া যায়, কিন্তু এভাবে বারবার এড়িয়ে চলার ফলে ভয় কমে না, বরং তা আরও তীব্র হয়। এই সাময়িক স্বস্তি মস্তিষ্ককে ভুল সংকেত দেয় যে, পালিয়ে আসাটাই নিরাপদ ছিল। ফলে ভয় থেকে এড়ানো এবং আরও বেশি ভয়ের একটি চক্র তৈরি হয়।

এই চক্র ভাঙার একটি কার্যকর পদ্ধতির নাম এক্সপোজার থেরাপি। এর মানে এই নয় যে নিজেকে জোর করে ভয়ের মধ্যে ঠেলে দিতে হবে। বরং, নিরাপদভাবে নিজের গতিতে ছোট ছোট ধাপ অনুসরণ করে ভয়ের মুখোমুখি হওয়াই এর মূল লক্ষ্য। উদাহরণস্বরূপ, যদি জনসম্মুখে কথা বলায় ভয় থাকে, তবে সরাসরি বড় কোনো সভায় বক্তৃতা না দিয়ে প্রথমে আয়নার সামনে কথা বলা, এরপর মোবাইলে রেকর্ড করা, তারপর একজন বিশ্বস্ত মানুষের সামনে কথা বলা এবং পরবর্তীতে কয়েকজনের সামনে ধীরে ধীরে অভ্যস্ত হওয়া যেতে পারে।

এই প্রক্রিয়ায় প্রথম কয়েকবার উদ্বেগ হওয়া স্বাভাবিক। কিন্তু পালিয়ে না গিয়ে যদি সেই পরিস্থিতিতে কিছুক্ষণ অবস্থান করা যায়, তবে মস্তিষ্ক নতুন শিক্ষা পায়—”আমার ভয় লাগছে, কিন্তু আমি নিরাপদ এবং কোনো ভয়ংকর ঘটনা ঘটছে না।” এই নতুন শিক্ষা ধীরে ধীরে ভয়ের তীব্রতা কমিয়ে আনে। এক্সপোজার থেরাপির উদ্দেশ্য ভয়কে তাৎক্ষণিক দূর করা নয়, বরং ভয় থাকা সত্ত্বেও জীবনকে স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যেতে শেখা।

আজকের ছোট একটি অনুশীলনের মাধ্যমে আপনি শুরু করতে পারেন। একটি কাগজে লিখুন, কোন পরিস্থিতি আপনি ভয়ের কারণে এড়িয়ে চলেন? এরপর সেই পরিস্থিতির দিকে এগিয়ে যাওয়ার সবচেয়ে ছোট এবং নিরাপদ ধাপটি কী হতে পারে, তা লিখে রাখুন। মনে রাখবেন, অনেক সময় আমাদের জীবনকে আটকে রাখে ভয় নয়, বরং ভয়কে এড়িয়ে চলার অভ্যাস।

কনসালট্যান্ট সাইকোলজিস্ট মিশকাতুল জান্নাত এলিন সতর্ক করে বলেন, পিটিএসডি (PTSD), ওসিডি (OCD), প্যানিক ডিসঅর্ডার, তীব্র ফোবিয়া বা গুরুতর ট্রমার ক্ষেত্রে এক্সপোজার থেরাপি অবশ্যই একজন প্রশিক্ষিত মানসিক স্বাস্থ্য পেশাজীবীর তত্ত্বাবধানে করা উচিত। নিজের উদ্যোগে গভীর এক্সপোজার শুরু করা নিরাপদ নাও হতে পারে। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন Soul Wellness: Counselling/Psychotherapy পেজে, ফোন: 01812-385085।

CBT-তে এই চক্র ভাঙার একটি কার্যকর পদ্ধতির নাম Exposure Therapy।

Exposure Therapy-এর অর্থ নিজেকে জোর করে ভয়ের মধ্যে ফেলে দেওয়া নয়।

শেয়ার করুন