বিশ্বের সব দেশের নাম এক মিনিটে বলতে পারেন বিস্ময়কর প্রতিভার ইসমাইল

প্রকাশ:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের আমড়াতৈল গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন জালালী তার অসাধারণ স্মৃতিশক্তি ও মেধার জন্য এলাকায় ব্যাপক পরিচিতি পেয়েছেন। তিনি বর্তমানে টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। শফিকুল ইসলাম জালালীর ছেলে ইসমাইল মাত্র এক মিনিটে বিশ্বের সব দেশের নাম বলে দিতে পারেন। এছাড়া মাত্র ২৩ সেকেন্ডে বাংলাদেশের ৬৪টি জেলার নাম উচ্চারণ এবং ৩ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে দেশের ৬৪টি জেলা ও ৪৯৫টি উপজেলার নাম বলার অনন্য দক্ষতা রয়েছে তার। একইসঙ্গে সুমধুর কণ্ঠে আজান দেওয়া এবং আল্লাহ তাআলার ৯৯টি নাম পাঠেও তিনি বিশেষ পারদর্শী।

নিজের এই অসাধারণ দক্ষতার বিষয়ে ইসমাইল জানান, ছোটবেলা থেকেই বিশ্বের মানচিত্র, বিভিন্ন দেশের তথ্য এবং বাংলাদেশের প্রশাসনিক কাঠামো সম্পর্কে তার গভীর আগ্রহ ছিল। নিয়মিত অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমেই তিনি এই তথ্যগুলো আয়ত্ত করেছেন। তিনি বলেন, ছোটবেলা থেকেই মানচিত্র ও বিভিন্ন দেশ সম্পর্কে জানার প্রতি আমার তীব্র কৌতূহল ছিল। সেই কৌতূহল মেটাতে গিয়েই আল্লাহ তাআলা আমাকে এই জ্ঞান দান করেছেন।

ইসমাইলের এই বিস্ময়কর প্রতিভার কথা স্বীকার করে স্থানীয় বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল হোসেন বলেন, ইসমাইল আমার ওয়ার্ডেরই বাসিন্দা এবং তার বাবা স্থানীয় মসজিদের ইমাম। ছোটবেলা থেকেই সে ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে চর্চা করত। তার এই নিয়মিত প্রচেষ্টাই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।

ভবিষ্যতে একজন আলেম হয়ে ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করার স্বপ্ন দেখেন এই শিক্ষার্থী। নিজের জন্য সবার কাছে দোয়া চেয়ে ইসমাইল বলেন, আমি যেন দ্বীনি শিক্ষায় নিজেকে আরও সমৃদ্ধ করতে পারি এবং ইসলামের সেবায় কাজ করে যেতে পারি, সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। মেধাবী এই শিক্ষার্থীর প্রতিভার সঠিক পরিচর্যা হলে ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে দেশের মুখ উজ্জ্বল করতে পারবেন বলে স্থানীয়রা মনে করছেন।

শেয়ার করুন