নারায়ণগঞ্জের হাজীগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

প্রকাশ:

নারায়ণগঞ্জ নগরীর হাজীগঞ্জে অবস্থিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে দুর্বৃত্তরা এই স্মৃতিস্তম্ভে আগুন দেয়। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার কাজ চলছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় কোনো রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। এছাড়া ঘটনার সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জের চাষাঢ়া-আদমজী সড়কের হাজীগঞ্জ এলাকায় এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। গত বছরের ১৪ জুলাই তৎকালীন অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টার উপস্থিতিতে এর উদ্বোধন করা হয়। এটি দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, যার আদলে পরবর্তীতে দেশের বিভিন্ন জেলায় একই ধরনের স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে।

নিরাপত্তার জন্য উদ্বোধনের পর থেকেই স্মৃতিস্তম্ভটির পাশে ফতুল্লা মডেল থানার অধীনে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, ঘটনার সময় পুলিশ সদস্যরা ক্যাম্পে উপস্থিত ছিলেন। তিনি জানান, গত ১৬ জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান উপলক্ষে স্মৃতিস্তম্ভের চারপাশে কাপড় দিয়ে সাজসজ্জা করা হয়েছিল। ভোররাতে দূর থেকে আগুন জ্বালানো কাপড়ের একটি ছোট দলা ছুড়ে মারলে পাশের কাপড়ে আগুন ধরে যায়। পুলিশ সদস্যরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।

ওসি আরও দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে আগুনের দৃশ্য অতিরঞ্জিত করে ভিডিও প্রচার করা হচ্ছে। তবে আগুন নিক্ষেপকারী কারা বা কতজন ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন