সামরিক ও কূটনৈতিক বিশ্লেষক আলেকজান্দ্রে হুদিস্তেনু জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বর্তমানে বিদ্যমান কূটনৈতিক তৎপরতা সাময়িকভাবে স্থবির হয়ে পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই পর্যবেক্ষণ তুলে ধরেন। হুদিস্তেনুর মতে, যদিও কূটনীতির পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, তবে তা আপাতত স্থগিত রয়েছে।
বিশ্লেষক মনে করেন, দিনশেষে উভয় পক্ষকেই এই যুদ্ধাবস্থা থেকে সরে আসতে হবে, কারণ এই সংঘাত কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়। তাই শেষ পর্যন্ত তারা একটি চূড়ান্ত সমাধানের পথ খোঁজার চেষ্টা করবে। তবে সংকটের শুরু থেকেই যুদ্ধ বন্ধের কূটনৈতিক আলোচনার উদ্দেশ্য এবং শর্ত নিয়ে উভয় দেশের মধ্যে মতপার্থক্য ছিল বলে তিনি উল্লেখ করেন।
বর্তমান পরিস্থিতিকে গত দুই মাসের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হিসেবে আখ্যায়িত করেছেন আলেকজান্দ্রে হুদিস্তেনু। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি আবারও একটি ছোটখাটো সামরিক ফাঁদের দিকে মোড় নিচ্ছে, যেখানে হরমুজ প্রণালী সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা পুরোপুরি না থাকলেও, দুই দেশের এই যুদ্ধংদেহী মনোভাব উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন।




