নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীকে গলা কেটে হত্যার অপরাধে মোবারক হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। ২২ নভেম্বর রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এই রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, নরসিংদীর মাধবদীর বাসিন্দা মোবারক প্রায় ১৫ বছর আগে আড়াইহাজারের কলাগাছিয়া উত্তরপাড়ার হাসেম আলীর মেয়ে সালেহা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তারা শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন এবং তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সৌদি আরব প্রবাসী সালেহা ঘটনার প্রায় দুই মাস আগে দেশে ফিরেছিলেন।
২০১৯ সালের ৯ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সালেহাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেন মোবারক।
সে সময় তাদের সন্তানরাও কাছেই ছিল। চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে সালেহার নিথর দেহ দেখতে পান। নিহতের বাবা হাসেম আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০২০ সালের ১ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে হত্যাকাণ্ডের সাত বছর পর আদালত আজ এই রায় ঘোষণা করলেন।





