৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গুয়া ও হাকালুকি হাওর রক্ষায় নতুন আইন বাস্তবায়নে কর্মশালা

প্রকাশ:

বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন, ২০২৬ এবং টাঙ্গুয়া ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১১টায় একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক শংকর কুমার বিশ্বাস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল বক্তব্য রাখেন। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন এনজিও প্রতিনিধি, পরিবেশ ও হাওরকর্মী এবং গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।

কর্মশালায় হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হোসাইন মো. আল জুনাইদ নতুন আইনের বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত প্রেজেন্টেশন দেন। তিনি জানান, ২৭টি ধারা সম্বলিত এই আইনে ১১টি সুনির্দিষ্ট ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। হাওর অধ্যুষিত সাতটি জেলাকে কেন্দ্র করে এই আইন প্রণয়ন করা হয়েছে, যা পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। এর আগে হাওর সুরক্ষার জন্য সুনির্দিষ্ট কোনো আইন ছিল না বলে তিনি উল্লেখ করেন। আমরা হাওর অধ্যুষিত ৭ জেলার জন্য এই আইনকে ফোকাস করছি।

নতুন আইনে হাওরের অবৈধ দখল, ভরাট, পানির প্রবাহ বাধাগ্রস্ত করা, মাটি ও পানি দূষণ, অনুমতি ছাড়া বালু বা মাটি উত্তোলন, জলজ বন ধ্বংস এবং নিষিদ্ধ জালের মাধ্যমে বিষ প্রয়োগে মাছ শিকারকে দণ্ডনীয় অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব অপরাধের জন্য অনধিক দুই বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। অপরাধের ধরণ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে সরাসরি বিচারিক ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে এই আইনে। এসব অপরাধের জন্য অনধিক ২ বছর কারাদণ্ড বা অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

সুরক্ষা আদেশে টাঙ্গুয়া ও হাকালুকি হাওরে পরিযায়ী পাখি শিকার, হিজল-করচ গাছ কাটা, সংরক্ষিত এলাকায় অবৈধ প্রবেশ ও পাকা স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে। হাউসবোট পরিচালনার ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নিবন্ধনহীন কোনো বোট চলতে পারবে না এবং ১০০ ফুটের বেশি দৈর্ঘ্যের কোনো হাউসবোট হাওরে চলাচল করতে পারবে না। এছাড়া নির্ধারিত রুট ও ঘাটের বাইরে চলাচল, অতিরিক্ত যাত্রী বহন, উচ্চশব্দে গান-বাজনা এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সভায় উপস্থিত অংশীজনরা নতুন এই আইন ও সুরক্ষা আদেশকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমানে টাঙ্গুয়ার হাওরে মাছ ও পাখির সংকট দেখা দিয়েছে এবং বন উজাড়ের কারণে পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। হাওরে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার পর্যটক আসলেও কোনো ফি ব্যবস্থা নেই; ফি চালু হলে প্রাপ্ত অর্থ হাওর উন্নয়নে ব্যয় করা সম্ভব হতো। এছাড়া নজরখালী বাঁধ নির্মাণ নিয়ে ভিন্নমত উঠে আসায় জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয়তা যাচাইয়ের আশ্বাস দিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করেন, এই আইন কার্যকর হলে অবৈধভাবে মাছ ধরা, হাওর ভরাট এবং পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হবে। এ বিষয়ে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে কথা বলে বাঁধের প্রয়োজনীয়তা আছে কি না তা যাচাই করার কথা বলেন।

শেয়ার করুন