২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী

প্রকাশ:

সমাজের শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আজীবন সোচ্চার থাকা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে নিবেদিত এই নেতার প্রয়াণের পাঁচ দশক পূর্তিতে আজ বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে তাকে। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরবর্তীতে টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়। দিবসটি উপলক্ষে ঢাকা ও সন্তোষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন।

মওলানা ভাসানীর জন্ম ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে। তার বাবা শরাফত আলী খান এবং মা মোসাম্মৎ মজিরন বিবি। ধর্মীয় শিক্ষায় হাতেখড়ি হলেও পরবর্তী সময়ে তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনসহ নানা অধিকারভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। বাংলার রাজনীতিতে তিনি সবসময়ই ছিলেন এক ব্যতিক্রমী ধারা। ক্ষমতার চেয়েও তিনি সাধারণ মানুষের ন্যায়বিচার ও অধিকারকে বেশি গুরুত্ব দিতেন। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি ভারতের দেওবন্দে ইসলামি শিক্ষায় অধ্যয়ন করেন তিনি।

১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তিনি সামনের সারিতে ছিলেন। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ গঠিত হলে তিনি দলটির প্রথম সভাপতি নির্বাচিত হন। এরপর পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণের বিরুদ্ধে আন্দোলনে তিনি বলিষ্ঠ নেতৃত্ব প্রদান করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্বজনমত গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন এই নেতা। পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখেন।

স্বাধীনতার পর ১৯৭২ সালের ২২ জানুয়ারি দেশে ফিরে এসেও তিনি জনস্বার্থে সক্রিয় ছিলেন। সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে তিনি খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক সমতা ও গণতান্ত্রিক জবাবদিহির দাবি তুলতেন। বিশেষ করে ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে তার অনশন কর্মসূচি আজও সাধারণ মানুষের প্রতি তার অবিচল দায়বদ্ধতার প্রতীক হিসেবে স্মরণীয়।

তার রাজনৈতিক দর্শনের মূল কেন্দ্রবিন্দু ছিল ভূমিহীন, দরিদ্র ও শ্রমজীবী মানুষ। তিনি মনে করতেন, কেবল একটি স্বাধীন রাষ্ট্র গঠনই স্বাধীনতার লক্ষ্য নয়, বরং শোষণমুক্ত সমাজ ও অর্থনৈতিক মুক্তিই প্রকৃত স্বাধীনতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে সাধারণ মানুষের কাছে তিনি ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিতি লাভ করেন। মৃত্যুর পাঁচ দশক পরও তার আদর্শ ও শোষণমুক্ত সমাজের স্বপ্ন সমসাময়িক রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে আছে। রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে সাধারণ মানুষকে প্রতিষ্ঠা করাই ছিল ভাসানীর অন্যতম বৈশিষ্ট্য।

শেয়ার করুন