২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের অন্দরে অস্থিরতা: সন্দেহভাজন কর্মকর্তাদের ওপর বাড়ছে নজরদারি

প্রকাশ:

পুলিশ বাহিনীর ভেতরেই কিছু সদস্যের কর্মকাণ্ড নিয়ে গভীর সন্দেহ ও অবিশ্বাস দানা বেঁধেছে। পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন যোগাযোগ এবং সরকারবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাদের চিহ্নিত করা হয়েছে। গোয়েন্দা তথ্যানুযায়ী, বাহিনীর ভেতরে থাকা এই চক্রের সদস্যরা সরকারের অনুগত সেজে স্পর্শকাতর তথ্য পাচার করছেন। বিশেষ করে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে এই ধরনের কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া হয়েছে।

আওয়ামী লীগ শাসনামলের ১৫ বছরে নিয়োগ পাওয়া প্রায় ২২ হাজার পুলিশ সদস্য বর্তমানে গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। এর মধ্যে ১৭ হাজার কনস্টেবল ও ৪ হাজার উপ-পরিদর্শক (এসআই) রয়েছেন। বিভিন্ন গোয়েন্দা সূত্র বলছে, ওই আমলে সুবিধাভোগী এসব কর্মকর্তার অনেকেই বর্তমান সরকারের অধীনে ভালো অবস্থানে থেকেও গোপনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। এসব কর্মকর্তার গতিবিধি বিশ্লেষণ ও মোবাইল ফোন ফরেনসিক করে সরকারবিরোধী কানেকশনের তথ্য পাওয়া গেছে। পুলিশের নীতিনির্ধারণী মহল এসব বিষয়কে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং অভিযুক্তদের টিকুজি বা বংশপরিচয় ও নিয়োগের ইতিহাসও যাচাই করা হচ্ছে।

তদন্তকারী সূত্রগুলো আরও জানিয়েছে, অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা পুলিশ কর্মকর্তারা নাশকতামূলক কর্মকাণ্ড ও উস্কানিতে সহযোগিতা করছেন। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর অডিও ফাঁস হওয়ায় ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহার ও গ্রেপ্তার করা হয়। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখার দায়ে কয়েক হাজার পুলিশ সদস্যের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে। তাদের অনেকেই রাজনৈতিক পরিচয়ে নিয়োগপ্রাপ্ত হওয়ায় এখন বাহিনীর ভেতরে অস্থিরতা তৈরি করছেন এবং পারস্পরিক অবিশ্বাস বাড়ছে।

গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্যমতে, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের সিনিয়র নেতারা দেশে অস্থিরতা তৈরির কলকাঠি নাড়ছেন। তাদের নির্দেশনায় মাঠ পর্যায়ের নেতাকর্মীদের উস্কানি দেয়া হচ্ছে এবং পুলিশ বাহিনীর ভেতরে থাকা কিছু দাপুটে কর্মকর্তা এতে সহায়তা করছেন। গণ-অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া উচ্চপদস্থ কিছু পুলিশ কর্মকর্তা এখনো তাদের অধীনস্থদের মাধ্যমে নাশকতায় ইন্ধন দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িতদের শনাক্ত করতে তাদের সার্বক্ষণিক গতিবিধি পর্যালোচনা করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের নীতিনির্ধারণী সূত্র নিশ্চিত করেছে যে, তথ্যপ্রমাণ পাওয়ার পরই কেবল মামলা ও গ্রেপ্তারের মতো কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। যারা অতীতে সুবিধা নিয়েছেন এবং বর্তমানে কৌশলে সরকারবিরোধী অবস্থান নিয়েছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। পুলিশের মতো একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনীতে এমন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড ও পারস্পরিক সন্দেহ বাহিনীর স্বাভাবিক কার্যক্রমেও প্রভাব ফেলছে। বাহিনীর ভাবমূর্তি রক্ষায় এবং নাশকতা রোধে সন্দেহভাজন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন