পোশাকশ্রমিকরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মালিকরা। শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান এ কথা জানান। শ্রম আইনের এই ধারা অনুযায়ী কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা মজুরি পাবেন না।
মাহমুদ হাসান খান জানান, বর্তমানে শ্রমিক বিক্ষোভের জেরে সাভার, আশুলিয়া ও গাজীপুরের ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এর আগে ৯২টি কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছিল। আগামী রোববার যেসব কারখানায় উৎপাদন শুরু করা সম্ভব হবে না, সেগুলো মালিকরা আইন অনুযায়ী বন্ধ রাখতে পারবেন। এছাড়া আগামী সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষ তাদের প্রস্তাব পেশ করবে। তবে পরিস্থিতির উন্নতি না হলে বা বিশৃঙ্খলা অব্যাহত থাকলে আলোচনায় অংশগ্রহণের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।





