৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফেরাতে যে শর্ত দিল ভারত

প্রকাশ:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীকে সম্পৃক্ত করতে চায় ভারত। একইসাথে ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রীকে তার মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ প্রদান এবং নতুন করে বিচারের মুখোমুখি হওয়ার নিশ্চয়তা চায় নয়াদিল্লি। ভারতের সরকারি ও সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এমন খবর প্রকাশিত হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা একটি সামরিক বিমানে করে ভারতে আশ্রয় নেন। দুই বছরের বেশি সময় অতিবাহিত হওয়ার পর তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দেন। তবে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কোনো মন্তব্য করতে রাজি হননি। যদিও বাংলাদেশ বা ভারত কোনো দেশের সরকারই আনুষ্ঠানিকভাবে এসব শর্তের কথা নিশ্চিত করেনি। দ্বিতীয় শর্তটি ২০২৪ সালের অভ্যুত্থানে দমনপীড়নের অভিযোগে হাসিনার সাজা সংক্রান্ত। বিবিসি বাংলার প্রতিবেদনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ।

প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লি চায় হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি পরিচালনা করুক। এজন্য আকাশ কিংবা স্থলপথে তাকে হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে কাজ করতে আগ্রহী ভারত। বাংলাদেশ কর্তৃপক্ষ তাকে ফিরিয়ে নিতে সামরিক বিমান পাঠাতে পারে অথবা স্থল সীমান্তের নির্দিষ্ট কোনো পয়েন্টে সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। এ ধরনের প্রক্রিয়ায় প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে ভারত।

হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং আইনি পরিস্থিতির বিষয়েও দিল্লি বেশ সজাগ। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। যদিও হাসিনা এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। ভারত চায় ঢাকা যেন তাকে আইনি আপিলের পূর্ণ সুযোগ দেয় এবং জুলাই গণহত্যার অভিযোগগুলো আন্তর্জাতিক ও গণমাধ্যমের নজরদারিতে সুষ্ঠুভাবে বিচার করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার ভাষ্যমতে, জেনেশুনে ফাঁসির মঞ্চে পাঠানোর জন্য তাকে হস্তান্তর করা ভারতের পক্ষে সম্ভব নয়।

নিজে দেশে ফেরার লক্ষ্যে গত ৯ই নভেম্বর এক বৃটিশ ল’ ফার্মের মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন শেখ হাসিনা। দেশ ছাড়ার পর এটিই ছিল বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। তবে সরকার তার সেই আবেদন প্রত্যাখ্যান করেছে বলে জানা গেছে। এদিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা জানান, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান।

হাসিনার এই ফেরার পরিকল্পনা নিয়ে বেশ কয়েক মাস ধরে ঢাকার সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়েছে নয়াদিল্লি। গত ৬ই অক্টোবর দিল্লিতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক করেন। যদিও সেনাবাহিনীর বিবৃতিতে একে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও সহযোগিতা নিয়ে আলোচনা বলা হয়েছে, তবে সামরিক সূত্রের দাবি, এই আলোচনায় হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে গুরুত্বসহকারে আলাপ হয়েছে।

এদিকে শেখ হাসিনার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তারেক রহমানের সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। শুক্রবার ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, অন্য দেশগুলো হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় বিধায় তিনি বাংলাদেশে ফেরাকেই শেষ বিকল্প হিসেবে বেছে নিয়েছেন। তবে ভারতীয় কর্মকর্তাদের ধারণা অনুযায়ী, ডিসেম্বরে তার ফেরা কার্যত অসম্ভব। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

শেয়ার করুন