পুলিশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এক কর্মকর্তা পদে থাকা সহকারী পুলিশ সুপারকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী পৃথক এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। প্রলয় কুমার জোয়ারদারহসহ ৬ জন পুলিশ অফিসারকে চাকুরি থেকে বরখাস্ত ও ১ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, কর্মস্থল থেকে পলায়নের তথ্য ও অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারকে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যদিকে, পলায়ন ও অসদাচরণের দায়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকেও বরখাস্ত করা হয়।
বিভাগীয় মামলায় অসদাচরণের দায়ে বরখাস্ত হওয়া অন্যান্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—সহকারী পুলিশ সুপার সারোয়ার কবীর সোহাগ, সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামিম এবং সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান। একই ধরনের মামলায় অভিযোগ বিবেচনা করে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। জারীকৃত এসব আদেশ অনতিবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।





