৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী স্লোগানে শুরু হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

প্রকাশ:

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল’ এবং ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানগুলোকে সামনে রেখে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। রোববার বিকেলে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানটি জাতীয় সংগীতের সুরে অংশগ্রহণকারী দলগুলোর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়। এরপর অতিথিরা মাঠে গিয়ে খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন।

এবারের টুর্নামেন্টে জেলার ৪টি উপজেলা ও ৪টি পৌরসভাসহ মোট ৮টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে প্রতিটি দলে ৫ জন করে বিদেশী ফুটবলার খেলানোর সুযোগ রাখা হয়েছে। উদ্বোধনী ম্যাচে চুয়াডাঙ্গা পৌরসভা ও দর্শনা পৌরসভা একাদশ মুখোমুখি হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন ও প্রতিযোগিতা আয়োজনের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। চুয়াডাঙ্গার এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সেই প্রচেষ্টারই একটি অংশ। মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং এক্ষেত্রে কোনো আপস করা হবে না।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের (আসন-৫) সংসদ সদস্য হালিমা আরলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান এবং জেলা সিভিল সার্জন ডা: হাদী জিয়াউদ্দিন আহমেদ। এছাড়া জেলার চার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যাজি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুন্নবী রিয়ানসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়া সংগঠকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষের উপচে পড়া ভিড় ও উৎসাহ-উদ্দীপনায় স্টেডিয়াম প্রাঙ্গণ এদিন উৎসবমুখর হয়ে ওঠে।

শেয়ার করুন