ঝালকাঠি জেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম নলছিটি ফেরিঘাটের রাস্তা দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে বর্তমানে মেরামত করা হয়েছে। পানির নিচে তলিয়ে থাকা ও ভাঙাচোরা এই সড়কটি সংস্কারের ফলে যাত্রী ও যানবাহন চলাচলে দীর্ঘদিনের চরম দুর্ভোগ কেটেছে। এখন ঘাট এলাকাটি ব্যবহারযোগ্য ও মসৃণ অবস্থায় রয়েছে।
গত ২৯ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে ঘাট এলাকার ভয়াবহ দুর্ভোগ ও রাস্তা তলিয়ে থাকার বিষয়টি তুলে ধরা হয়েছিল। সে সময় স্থানীয় ভ্যানচালকসহ সাধারণ মানুষ যাতায়াত নিয়ে শঙ্কা ও আতঙ্কে ছিলেন। রাস্তাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নিয়মিত ছোটখাটো দুর্ঘটনাও ঘটত। গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে অ্যাপ্রোচ রোডটি মেরামত করার পাশাপাশি রাস্তার পাশে বালুর বস্তা দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। পুরো এলাকাটি এখন পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা হয়েছে। গত ২৯ আগস্টে পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ফেরিঘাট পানিতে তলিয়ে থাকার কারণে যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছিল। সেই সময় স্থানীয় ভ্যানচালকসহ অনেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।
রাস্তাটি ব্যবহারের উপযোগী হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। একইসাথে ভবিষ্যতে সড়কটি নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নলছিটি ফেরিঘাট বরিশাল ও ঝালকাঠির যাতায়াতের প্রধান পথ হওয়ায়, এই মেরামতের ফলে স্থানীয় অর্থনীতি ও সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।





