লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে বুধবার দুপুরে খোরশেদ আলম (৫০) নামে এক মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত খোরশেদ ওই এলাকার রুহুল আমিনের ছেলে। পুলিশের তথ্যমতে, খোরশেদের বিরুদ্ধে অতীতে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের অভিযোগ, মাটির ব্যবসাকে কেন্দ্র করে বুধবার দুপুরে মোরশেদ ও মজিদ নামের দুই ব্যক্তি খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে শুনতে পান যে, ওয়ালিদ নামে অপর এক প্রতিপক্ষ তাকে গুলি করেছেন। পরিবারের দাবি, মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ এর আগেও খোরশেদকে একাধিকবার হুমকি দিয়েছিলেন। তারা এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় খোরশেদকে আনা হলে তিনি মারা যান। তার শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এদিকে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।
ঘটনার পর হাসপাতাল এলাকায় নিহত ব্যবসায়ী খোরশেদের স্ত্রী, মেয়ে ও স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





