সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ‘দাদা ভাই বাহিনী’র কবল থেকে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন কয়রা ও দোবেকী যৌথভাবে সুন্দরবনের গহীনে এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে দস্যুরা কোস্ট গার্ডের সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের সংঘর্ষের একপর্যায়ে দস্যুরা জিম্মিদের ফেলে বনের গভীরে পালিয়ে যায়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অভিযানে একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড ফাঁকা কার্তুজ ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। বিসিজিএস সোনার বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ কবীর শামিত এ অভিযানের নেতৃত্ব দেন। উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং জব্দ করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উদ্ধার হওয়া জেলেদের পরিচয় নিচে দেওয়া হলো
- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রবিউল ইসলাম (৩৫) ও বিল্লাল হোসেন (২৬)।
- খুলনার কয়রা উপজেলার আলাউল ইসলাম (৩২), নওশেন মোড়ল (৪১)।
- এবং শাহিনুর রহমান (২৮)।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সুন্দরবনে সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান বর্তমানে চলমান রয়েছে। দস্যুদের ফেলে আসা অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপের পাশাপাশি উদ্ধার হওয়া ব্যক্তিদের দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে।





