রাজধানীর ইস্কাটনে অবস্থিত বিয়াম মিলনায়তনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এলপিজি গ্যাসের মূল্য এবং ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাবের বিষয়ে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শুনানিতে এলপিজি আমদানিকারকেরা তাদের বিদ্যমান কমিশন দুই থেকে আড়াই গুণ এবং পরিবেশকেরা তিন গুণ বাড়ানোর প্রস্তাব তুলে ধরেছেন।
এর আগে গত ৪ অক্টোবর বিইআরসি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা পুনর্নির্ধারণ করেছিল। তখন প্রতি কেজি এলপিজির মূল্য ১৫৩ টাকা ৬ পয়সা এবং অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়। একইসঙ্গে অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও আনুপাতিক হারে সমন্বয় করা হয়।
বর্তমান কাঠামো অনুযায়ী, সাড়ে ৫ কেজি সিলিন্ডার ৮৪২ টাকা, ১২ কেজি ১ হাজার ৮৩৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৯১৩ টাকা, ১৫ কেজি ২ হাজার ২৯৬ টাকা, ১৬ কেজি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ কেজি ২ হাজার ৭৫৫ টাকা এবং ২০ কেজির দাম ৩ হাজার ৬১ টাকা নির্ধারিত রয়েছে।
অপেক্ষাকৃত বড় সিলিন্ডারগুলোর মধ্যে ২২ কেজি ৩ হাজার ৩৬৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৮২৭ টাকা, ৩০ কেজি ৪ হাজার ৫৯২ টাকা, ৩৩ কেজি ৫ হাজার ৫১ টাকা, ৩৫ কেজি ৫ হাজার ৩৫৭ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের মূল্য ৬ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এখনকার শুনানিতে এই দামের পরিবর্তনের বিষয়ে নতুন করে আলোচনা করা হচ্ছে।





