নেত্রকোণায় হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশ:

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় হাওরের পানিতে ডুবে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুল্লাহ জাহেরপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে এবং শাহাদত একই গ্রামের মো. সেকুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শিশু দুটি জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলাধুলা করছিল। খেলার এক পর্যায়ে তারা অসাবধানতাবশত বিদ্যালয়ের পাশের হাওরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ শিশুদের দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী তাদের খোঁজাখুঁজি শুরু করেন।

অনুসন্ধানের এক পর্যায়ে স্থানীয় লোকজন হাওরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখেন। দ্রুত তাদের উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন