র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন করে প্রস্তাবিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাসের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কমিটির সভাপতি জয়নাল আবেদিন এই রিপোর্ট সংসদে উপস্থাপন করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে রিপোর্টটি উপস্থাপিত হয়।
এর আগে সেপ্টেম্বর ২০২৬-এ সংসদে উত্থাপিত এসআরবি বিল-২০২৬ জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৭ বিধি অনুযায়ী পরীক্ষা করে রিপোর্ট দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল। কমিটি গত ৮ সেপ্টেম্বর এক বৈঠকে বিলটি বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে। ওই বৈঠকে কমিটির সভাপতি জয়নাল আবেদিন ছাড়াও সালাউদ্দিন আহমদ, মীর শাহে আলম, রফিকুল ইসলাম, কামরুজ্জামান, মোহাম্মদ মনোয়ার হোসেন, শিরিন সুলতানা, মো: নুরুল ইসলাম (বুলবুল) ও মোহাম্মদ আব্দুল বাতেন অংশ নেন।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিলটির ১০, ১২, ১৩, ১৪, ১৫, ১৭, ১৮, ১৯, ২০, ২২, ২৪, ২৫ ও ২৭ নম্বর দফায় উল্লেখিত বিধানের বিষয়ে কমিটির সদস্য (জামায়াতে ইসলামী) মো: নুরুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল বাতেন ভিন্নমত পোষণ করেছেন। এছাড়া কমিটির অন্যান্য সদস্যও ২৪, ২৫ ও ২৭ নম্বর দফার কয়েকটি বিধানের বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন। ভিন্নমত পোষণকারী সদস্যদের প্রস্তাব ও বক্তব্য ‘নোট অব ডিসেন্ট’ হিসেবে রিপোর্টের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
কমিটির সভাপতি জয়নাল আবেদিন জানান, অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন দিক ও খুঁটিনাটি পরীক্ষা করা হয়েছে। পর্যালোচনা শেষে বিলটি সংশোধিত আকারে পাসের জন্য সুপারিশ করা হয়েছে। রিপোর্ট উপস্থাপনের পর স্পিকার তা সংসদে উত্থাপিত হয়েছে বলে ঘোষণা করেন, যার মাধ্যমে বিলটির ওপর সংসদীয় কার্যক্রম এগিয়ে যাওয়ার পথ তৈরি হলো।





