চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজারপাড়ার একটি বদ্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রবিউল ইসলাম স্থানীয় সালাম মোল্লার ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ স্থানীয়দের বরাতে জানান, বেশ কয়েক দিন ধরে উথলী বাজার এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। এ দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মনে সন্দেহ জাগে যে, পাশের একটি বদ্ধ ঘরের ভেতরে কোনো মরদেহ থাকতে পারে। এরপর রাত সাড়ে ১১টার দিকে উথলী বাজারের এক ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং রাত ১২টার দিকে ওই বদ্ধ ঘর থেকে রবিউলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, রবিউল দীর্ঘদিন ধরে উথলী বাজারপাড়ায় বসবাস করতেন এবং বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি ওই ঘরে একাই থাকতেন এবং সম্প্রতি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলেও জানা গেছে।
ঘটনার বিষয়ে ওসি সোলায়মান শেখ আরও বলেন, মরদেহের বেশিরভাগ অংশই পচে-গলে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রায় এক সপ্তাহ আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।





