ঢাকা থেকে অপহৃত শিশু জাজিরায় উদ্ধার, গ্রেফতার এক তরুণী

প্রকাশ:

রাজধানীর পূর্ব শেওড়াপাড়া থেকে অপহৃত সাত বছর বয়সি শিশু নুসরাত জাহানকে মাদারীপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ উদ্ধার করেছে। অপহরণের ঘটনায় অভিযুক্ত ২২ বছর বয়সি তরুণী যুথিকে পুলিশ আটক করেছে এবং তার বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া শিশু নুসরাত জাহান পরিবারের সাথে কাফরুল এলাকার একটি ভাড়া বাসায় থাকে এবং তার বাবা মো: রাজিব পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক। ঘটনার বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাসার সামনে থেকে নুসরাত নিখোঁজ হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পূর্ব শেওড়াপাড়ার হেলথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশের গলিতে খেলার সময় কালো রঙের কামিজ পরা এক তরুণী তার হাত ধরে নিয়ে যাচ্ছে। এরপর শিশুটিকে রিকশায় করে তালতলার দিকে নিয়ে যাওয়া হয়।

কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক জানান, অপহরণের পর বৃহস্পতিবার রাতে শিশুটিকে শেরেবাংলা নগর এলাকার একটি বাসায় রাখা হয়েছিল। এরপর অভিযুক্ত তরুণী তাকে নিয়ে মাদারীপুরে নিজের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পদ্মা সেতু (দক্ষিণ) থানার আওতাধীন শিবচর এবং নাওডোবা বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকা থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং যুথিকে আটক করে।

ওসি আব্দুস সালাম জানান, উদ্ধারের পর শিশু ও অভিযুক্ত তরুণীকে কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কাফরুল থানার ওসি মো: সাইফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে ভোর ৪টার দিকে ভুক্তভোগী নুসরাতকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নুসরাতের মা আমেনা বেগম জানান, রাত সাড়ে ৩টার দিকে কাফরুল থানা থেকে ফোন পাওয়ার পর তারা মেয়েকে উদ্ধারের খবর জানতে পারেন এবং ভোর ৪টার দিকে তাকে বাসায় নিয়ে আসেন।

শেয়ার করুন