উত্তর বঙ্গোপসাগর ও এর পার্শ্ববর্তী উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।
আবহাওয়া অফিসের তথ্যমতে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দুর্বল হয়ে লঘুচাপ আকারে মধ্য উত্তরপ্রদেশ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে এবং এটি ক্রমান্বয়ে আরও দুর্বল হতে পারে। তবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।




