ঢাকার নদী রক্ষায় কেন্দ্রীয় সেল গঠন: মুখ্য সচিব আহ্বায়ক, মন্ত্রীরা উপদেষ্টা

প্রকাশ:

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম

রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দখল ও দূষণ রোধ করে সেগুলোর স্বাভাবিক নাব্য রক্ষা এবং দখল হয়ে যাওয়া নদী পুনরুদ্ধার করতে একটি কেন্দ্রীয় সেল গঠন করেছে সরকার। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে ৩৭ সদস্যের এই সেল গঠনের কথা জানানো হয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এই কেন্দ্রীয় সেলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা এই সেলের উপদেষ্টা হিসেবে কাজ করবেন। বাংলাদেশ নৌবাহিনীকে এই সেলের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বালু, ধলেশ্বরীসহ বিভিন্ন খাল ও নালার দূষণ নিয়ন্ত্রণ এবং নদ-নদী পুনরুদ্ধারে এই সেল কাজ করবে। এর অধীনে তিনটি সাব-কমিটি গঠন করা হয়েছে এবং তাদের কাজের পরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এই তিনটি সাব-কমিটির মধ্যে সাব-কমিটি ১ শিল্পবর্জ্যসহ সকল বর্জ্যের উৎসমুখ নিয়ন্ত্রণে কাজ করবে। সাব-কমিটি ২ খাল ও ড্রেনের বর্জ্য অপসারণ, নদী পুনরুদ্ধার এবং পানির স্বাভাবিক প্রবাহ সচল রাখার দায়িত্বে থাকবে। অন্যদিকে, সাব-কমিটি ৩ নদীর তলদেশে জমে থাকা স্থায়ী বর্জ্য অপসারণসহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করবে।

কেন্দ্রীয় এই সেল প্রতি মাসে তাদের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করবে এবং প্রধানমন্ত্রীর কাছে তা উপস্থাপন করবে। এছাড়াও, বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলোতে দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা সম্পর্কিত চলমান প্রকল্পগুলোর পর্যালোচনা ও সমন্বয় সাধনের কাজও এই সেল করবে।

শেয়ার করুন