বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ:

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহাররঞ্জন মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি মুখার্জির (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বীরভূম জেলার রামপুরহাটের কুসুম্বা গ্রামে নিজ বাড়ি থেকে পুলিশ তার মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাড়ির দোতলার একটি কক্ষে বৃষ্টির ঝুলন্ত দেহ পাওয়া যায়। বৃষ্টি মুখার্জি দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন এবং এর জন্য চিকিৎসাও নিচ্ছিলেন। তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিভিন্ন চাপ এই মানসিক অবস্থার পেছনে ভূমিকা রেখে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টি মুখার্জির বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের মাধ্যমে চাকরি পাওয়ার অভিযোগ ছিল। এছাড়া সম্প্রতি তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলাও চলছিল। এসব ঘটনার জেরে তিনি বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন।

শেয়ার করুন