জিয়াউর রহমানকে গুলি করেছিলেন মতিউর রহমান, জানালেন মোজাফফর

প্রকাশ:

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোববার দিনব্যাপী এই জিজ্ঞাসাবাদে তিনি জানান, ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমানকে গুলি করেছিলেন তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল (সাবেক) মতিউর রহমান।

তদন্ত সংস্থার প্রসিকিউটর তানভীর হাসান জোহা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার তাকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন আরও জানিয়েছেন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আগে ২৮ মে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন। ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মোজাফফর হোসেন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ২৩ জুলাই ট্রাইব্যুনাল তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন। দীর্ঘ ৪৫ বছর পর এই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের অংশ হিসেবে মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করা হলো।

শেয়ার করুন