কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর বেলতলা এলাকায় অস্ত্র ও ককটেলসহ রকি হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আটক রকি হোসেন একই এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। আটকের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজনগর এলাকায় মাদকসেবী ও কারবারিদের উৎপাত বেড়ে যাওয়ায় গত বৃহস্পতিবার এলাকাবাসী একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করেছিলেন। এর জের ধরে শুক্রবার রাতে পার্শ্ববর্তী একটি বাঁশবাগানে মাদক কেনাবেচা ও সেবনের গোপন খবর পেয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি সেখানে উপস্থিত হন। এ সময় রকি ও তাঁর সহযোগীরা আতঙ্ক ছড়াতে গুলি ছোড়েন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে অস্ত্রসহ রকিকে ধরে ফেলে গণপিটুনি দেয়, এতে তাঁর একটি হাত ভেঙে গেছে। তবে তাঁর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আহত রকিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, স্থানীয় জনতা একটি বিদেশি পিস্তল ও ককটেলসহ ওই যুবককে পুলিশে সোপর্দ করেছে। গণপিটুনিতে আহত হওয়ায় তাঁকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের চিহ্নিত করতে পুলিশের তদন্ত চলছে এবং মামলার মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





