হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে রাতভর একের পর এক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ১৪ জুলাই মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে সাম্প্রতিক দিনগুলোতে যেসব লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছিল, এবারও একইভাবে হামলা চালানো হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী মূলত ইরানের উপকূলরক্ষী ঘাঁটি, আশ্রয়কেন্দ্র এবং প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টির সঙ্গে জড়িত সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে অবস্থিত আরও একটি লক্ষ্যবস্তু, বিশেষ করে একটি পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।
এদিকে ইরানের আধা-সরকারি মেহের নিউজ এজেন্সির তথ্যমতে, স্থানীয় সময় রাত ৩টা ১০ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এ বিষয়ে সরকারিভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের ওমিদিয়া শহরে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। স্থানীয় এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে বর্তমানে তীব্র বাকযুদ্ধ চলছে।




