দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে

প্রকাশ:

দেশের গ্রামীণ পর্যায়ের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করার লক্ষ্যে একটি বড় উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা গত ৮ জুলাই এ সংক্রান্ত একটি পত্র জারি করে বিষয়টি নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রামীণ জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগটি নেওয়া হয়েছে এবং এতে প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি পাওয়া গেছে। বর্তমানে দেশের বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা ৩১ থেকে ৫০টির মধ্যে সীমাবদ্ধ রয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে গ্রামীণ পর্যায়ে রোগী ভর্তির সুবিধা, চিকিৎসাসেবার সক্ষমতা এবং সামগ্রিক স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার জন্য প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বা ডিপিপি প্রণয়ন এবং নতুন হাসপাতালগুলোর জন্য প্রয়োজনীয় জনবল বা পদ সৃজনের প্রস্তাব পাঠানো। বিদ্যমান হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং নতুন হাসপাতাল স্থাপনের এই পুরো কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন