জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাইডলাইনে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের সম্মানে একটি বিশেষ বৈঠকের আয়োজন করেছিলেন। এই আয়োজনে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে হোয়াইট হাউসের সৌজন্যে সংগৃহীত একটি ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে জুবাইদা রহমানকে মার্কিন ফার্স্ট লেডির সঙ্গে দেখা যায়।
বৈঠকটিতে মেলানিয়া ট্রাম্প তার বিশ্বব্যাপী শিশু কল্যাণমূলক উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন। এ সময় তিনি বিশ্বের অন্যান্য দেশের ফার্স্ট লেডিদের এই মানবিক উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানান। এর আগে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত দ্য সেন্ট রেজিস হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানসহ বিশ্বনেতাদের সহধর্মিণীরা যোগ দিয়েছিলেন। মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের ভবিষ্যৎ বিনির্মাণ ও কল্যাণের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।





