৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাকস্বাধীনতা চর্চায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা, উদ্বেগ টিআইবির

প্রকাশ:

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানিয়েছেন, বিগত বছরের তুলনায় বর্তমানে মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার ঢাকার টিআইবি কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, এখন পর্যন্ত ৮৯ জনকে আটক করা হয়েছে, যার একটি বড় অংশকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আনা হয়েছে। তিনি আরও বলেন, বাকস্বাধীনতা চর্চার কারণে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া ও আটকের ঘটনা ২৪ পরবর্তী বাংলাদেশের কাছে প্রত্যাশিত ছিল না।

ড. ইফতেখারুজ্জামান বলেন, নারী, কন্যাশিশু এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। পুলিশ বাহিনীও তাদের অবস্থানে পুরোপুরি সঠিকভাবে দাঁড়াতে সক্ষম হয়নি। এর মধ্যেই সহিংসতার পরিসংখ্যান উদ্বেগজনক। তিনি জানান, নারী ও কন্যাশিশুর প্রতি ১,৭৩০টিরও বেশি সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে ৫০৩টি ধর্ষণের ঘটনা এবং অন্তত ৫০ জনের মৃত্যুর তথ্য রয়েছে।

তদন্তাধীন বিষয়গুলোর মধ্যে হেফাজতে নির্যাতনের (টর্চার ইন কাস্টডি) ঘটনা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এমন ঘটনা ঘটার কোনো সুযোগই থাকার কথা ছিল না, অথচ সরাসরি আইন প্রয়োগকারী সংস্থার হাতে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্টতায় একটি গুমের ঘটনার কথাও তিনি উল্লেখ করেন। ড. ইফতেখারুজ্জামান বলেন, মানবাধিকার, ন্যায়বিচার নিশ্চিত এবং রাষ্ট্রকাঠামোকে জবাবদিহিতার আওতায় আনার জন্য যে ধরনের আইন প্রয়োজন, তা সব ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।

আলোচনা সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনীষা চক্রবর্তী এবং চিকিৎসক ও তরুণ রাজনীতিবিদ ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন