ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার দুপুরের দিকে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন কুশারিগাঁও গ্রামের প্রয়াত মোহনের স্ত্রী শান্তী রানী (৫০) এবং একই গ্রামের বিহারু রায়ের ছেলে সুইরাম রায় (৬৫)। এ ঘটনায় সালন চন্দ্র ও টেপরা রায় নামে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তি রানী দীর্ঘদিন ধরে নিজ বাড়ির পাশেই একটি মুদি দোকান পরিচালনা করে আসছিলেন। ঘটনার সময় তিনিসহ চারজন দোকানের ভেতরে বসে ছিলেন। দুপুরের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে এবং প্রবল ঝড়ো হাওয়ার সঙ্গে তীব্র বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই শান্তি রানী ও সুইরাম রায়ের মৃত্যু হয়। একই সঙ্গে বজ্রপাতের আঘাতে অপর দুইজন গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।





