মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, জাতির মেরুদণ্ড সোজা থাকবে নাকি বাঁকা হবে, তা শিক্ষকদের প্রচেষ্টা ও পরিশ্রমের ওপরই নির্ভর করে। শনিবার দুপুরে রাজৈর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সরকারের ১৮০ দিনের বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সভায় রাজৈর উপজেলার ১৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ও মাদার্স কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফলের পেছনে না ছুটিয়ে তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে প্রকৃত সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এমপি জাহান্দার আলী মিয়া।
সভায় বক্তারা একমত পোষণ করে বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে বিদ্যালয় ও পরিবারের মধ্যে কার্যকর সমন্বয় আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন নেছার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী ও রাজৈর থানার তদন্ত কর্মকর্তা কুতুবউদ্দিন আহমেদ।





