ইলিশের প্রধান প্রজনন মৌসুমকে সামনে রেখে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার ২২ দিনের নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ভোলার তজুমদ্দিনে জেলে ও মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা সভা করেছে উপজেলা মৎস্য বিভাগ। রোববার বিকেলে উপজেলার শশীগঞ্জ স্লইসঘাটে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোনাইন।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা জেলেদের উদ্দেশে বলেন, মা ইলিশ রক্ষায় সরকারি এই নিষেধাজ্ঞা যথাযথভাবে মেনে চললে ভবিষ্যতে নদীতে ইলিশের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে। তিনি সকল জেলেকে এই ২২ দিন নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান। আইন অমান্য করে কেউ নদীতে মাছ ধরলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। নিষেধাজ্ঞার ২২ দিন জেলেদের সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।
উল্লেখ্য, নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ইলিশ আহরণ বন্ধ ঘোষণা করেছে। এই ২২ দিন ইলিশ মাছ ধরা ছাড়াও পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সভায় তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকনসহ স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





