সুনামগঞ্জের রামসাইট খ্যাত টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য এবং প্রতিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে হাওরের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সীমানায় পর্যটকবাহী নৌযান ও হাউসবোট চলাচলের ওপর ১১ দফা জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসিএ সীমানার ভেতরে সব ধরনের হাউসবোট ও পর্যটকবাহী নৌযান প্রবেশ এবং চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে, হাওরে চলাচলকারী সকল নৌযানের মালিক ও পরিচালনাকারীদের আগামী ১০ আগস্টের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নিবন্ধন না করলে বা অনুমতি না থাকলে কোনো নৌযান পরিচালনা করা যাবে না। নিবন্ধন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সুনামগঞ্জের নেজারত ডেপুটি কালেক্টরের (এনডিসি) সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
হাওরের পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে জারি করা অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে হাউসবোটে উচ্চস্বরে গান-বাজনা, মাইক ব্যবহার বা পার্টির আয়োজন নিষিদ্ধ করা। নৌযানে অবশ্যই পানি বিশুদ্ধকারী ফিল্টার, সেপটিক ট্যাংক এবং অন্তত দুটি ডাস্টবিন থাকতে হবে। হাওর বা জলাশয়ে কোনো ধরনের বর্জ্য ফেলা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এছাড়া, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন করাও নিষিদ্ধ।
নিরাপত্তা ও মানদণ্ড নিশ্চিত করতে প্রতিটি হাউসবোটের দৈর্ঘ্য সর্বোচ্চ ১০০ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফবয় রিং, অগ্নি-নির্বাপক যন্ত্র রাখা এবং গ্যাস সিলিন্ডারের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা বাধ্যতামূলক। পর্যটকদের জন্য আচরণবিধি দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে এবং ট্যুর শুরুর আগেই তাদের তা অবহিত করতে হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, ঝড়, প্রবল বৃষ্টিপাত বা বজ্রপাতের আশঙ্কাকালীন পর্যটক পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। জরুরি প্রয়োজনে যোগাযোগ করার জন্য জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতালের নম্বরগুলোও নৌযানে দৃশ্যমান রাখতে হবে।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, 'টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ, ২০২৫'-এর আলোকে এই নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে এবং হাওরের সার্বিক সুরক্ষায় প্রশাসনের তদারকি জোরদার থাকবে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ রোববার রাত ৮টায় গণবিজ্ঞপ্তিটি জেলা প্রশাসন, সুনামগঞ্জ-এর ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
আবেদন সংক্রান্ত বিষয়ে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সুনামগঞ্জ (মোবাইল ০১৭৩০-৩৩১১০৬) এর সাথে যোগাযোগ করা যাবে।হাউসবোটে উচ্চস্বরে গান-বাজনা, মাইক বাজানো বা পার্টির আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ।





