টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় আরও অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে জামালপুরের মাদারগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।





