৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ২৮৩, গত ২৪ ঘণ্টায় নতুন সাতজন

প্রকাশ:

সিলেটে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও সাতজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর ফলে চলতি বছরে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৩ জনে। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তবে গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দুই।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত সাতজন রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজন, সিলেট উইমেন্স মেডিক্যাল হাসপাতালে একজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, মৌলভীবাজার সদর হাসপাতালে একজন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে একজন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ২৮৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। জেলাভিত্তিক আক্রান্তের হিসেবে সিলেটে ৫৮ জন, সুনামগঞ্জে ৬২ জন, হবিগঞ্জে ১২৩ জন এবং মৌলভীবাজারে ২৯ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেওয়া ১১ জন রোগীও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সাতজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, সিলেট উইমেন্স মেডিক্যাল হাসপাতালে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে তিনজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে একজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে দুইজন চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, চলতি মৌসুমে সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা কৃষ্ণ দাস (৪৫) ডেঙ্গুতে মারা যান। এর আগে গত ২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আফিয়া খানম (৫৪) নামে এক নারী ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন