রূপগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল নরসিংদী সরকারি কলেজের ছাত্রের

প্রকাশ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাহমুদুল হাসান মুয়াজ নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব-বিশ্বরোড সড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মুয়াজ খিলগাঁও গোড়ান এলাকার মাসুম আহমেদ ও মুন্নী আক্তার দম্পতির একমাত্র সন্তান। তিনি নরসিংদী সরকারি কলেজের অনার্স ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নরসিংদী সরকারি কলেজের দিকে যাচ্ছিলেন মুয়াজ। পথে রূপগঞ্জের তারাব পৌরসভার বিশ্বরোড এলাকায় পৌঁছালে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী মুয়াজ পেছন থেকে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় ট্রাকের ডান পাশের পেছনের চাকার সঙ্গে ধাক্কা খান। এতে তিনি ট্রাকের নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ ঘটনায় নিহতের বাবা মাসুম আহমেদ জানিয়েছেন, তারা কোনো ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন না। এরপর তিনি তার ছেলের মরদেহ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যান। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশের বুথে যোগাযোগ করা হলে সেখানে কাউকে পাওয়া যায়নি, তাই তাদের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

মুয়াজ নরসিংদী সরকারি কলেজের অনার্স ম্যানেজমেন্ট বিভাগের ১ম বর্ষের ছাত্র।

শেয়ার করুন