স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক আলোচনা

প্রকাশ:

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করেছেন। বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিস্তারের লক্ষ্যে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও এর প্রত্যাবাসন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক আদান-প্রদান নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত দুই দেশের জনগণের পারস্পরিক শ্রদ্ধা এবং স্বাধীন সার্বভৌমত্বের প্রতি সম্মান। তিনি উল্লেখ করেন যে, ঐতিহাসিক এই সম্পর্ক বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে পরিবর্তিত হয়েছে এবং অতীতে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে।

স্পিকার আরও বলেন, বিগত ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সাজানো নির্বাচনের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছিল। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের নতুন পথযাত্রা সুগম হয়েছে। তিনি মন্তব্য করেন যে, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক মূলত সরকারকেন্দ্রিক ছিল।

জবাবে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ভারত সরকার দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে আগ্রহী। বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে যে কাজ করে যাচ্ছে, তার মাধ্যমে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। হাইকমিশনার ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানান এবং দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন