চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার। সফরসূচি অনুযায়ী তার ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এলেন।
স্পিকারের দেশে ফেরার এই ঘটনাটি বর্তমানে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন—এমন খবর প্রকাশের পর স্পিকারের ফিরে আসার সময় এগিয়ে আনায় সেই আলোচনা আরও জোরদার হয়েছে।
সাংবিধানিক নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হয়। এছাড়া রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে থাকেন।





