দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত হিসাব অনুযায়ী এই তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, মারা যাওয়া এই শিশুদের নিশ্চিতভাবে হামে আক্রান্ত হওয়ার বিষয়টি এখনো প্রমাণিত নয়। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৯১টি শিশু।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭২১টি শিশুর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫টি শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট ৮১৬টি শিশুর মৃত্যু হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্যে দেখা যায়, নতুন আক্রান্তদের মধ্যে ৭৮টি শিশু হামে আক্রান্ত এবং ৬১৩টি শিশু হামের উপসর্গে ভুগছে। একই সময়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৫৮১টি শিশু এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৭৯টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ৭৬৩। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ২৭২। এখন পর্যন্ত মোট ১ লাখ ৫ হাজার ২৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যার মধ্যে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।



