দেশে ফিরে আত্মসমর্পণ করলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে

প্রকাশ:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফিরে এসে আত্মসমর্পণ করেন, তবে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, আত্মসমর্পণ করলে শেখ হাসিনাকে অবশ্যই জেলে যেতে হবে এবং আইন তার নিজস্ব গতিতেই চলবে।

ভারতে অবস্থানরত শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন মন্তব্যের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি বিদেশে বসে যেসব বক্তব্য দিচ্ছেন, তা মূলত আওয়ামী লীগের পলাতক ও আত্মগোপনে থাকা নেতাকর্মীদের উজ্জীবিত করার একটি রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছুই নয়। এ ছাড়া এর পেছনে অন্য কোনো কারণ তিনি দেখছেন না বলে মন্তব্য করেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন প্রক্রিয়া শুরু করা হয়েছে। কূটনীতির মাধ্যমে যেকোনো দেশের সঙ্গে যে ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়, সেই অনুযায়ী কাজ চলছে। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো আসামি যদি আত্মসমর্পণ করেন, তবে বাংলাদেশের বিদ্যমান আইনের আওতায় যা যা প্রয়োজন, সরকার তার সবই করবে।

শেয়ার করুন