লংমার্চের গাড়ি কি তেলে চলে না, প্রশ্ন শামা ওবায়েদের

প্রকাশ:

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দায় আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালি শেষে দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জামায়াতসহ ১১ দলের লংমার্চের সমালোচনা করে বলেন, 'আপনারা বলছেন তেল নেই, গ্যাস নেই—এটা সরকারের দোষ। অথচ আপনারাই এক হাজার, দুই হাজার গাড়ি নিয়ে লং মার্চ করছেন। গাড়ি কি তেলে চলে না?'

শামা ওবায়েদ আরও বলেন, বিরোধী দলও সরকারের অংশ এবং তাদের খরচের বিষয়টি জনগণ জানতে চায়। তিনি বিরোধী দলগুলোকে সংসদে এসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে বলেন, 'আপনারা নিয়মিত সংসদে আসুন। সংসদে আপনাদের দাবি-দাওয়া তুলে ধরুন। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব।' তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপির ৩১ দফার মধ্যেই জুলাই সনদের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে এবং তেল নষ্ট না করে আলোচনার পথ বেছে নেওয়াই শ্রেয়।

দেশে গ্যাস সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারকে দায়ী করে শামা ওবায়েদ বলেন, পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা থাকা সত্ত্বেও তৎকালীন সরকার উত্তোলনে কার্যকর উদ্যোগ নেয়নি। তবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পরিকল্পনা রয়েছে এবং অচিরেই বিদ্যুৎসহ গ্যাসনির্ভর বিভিন্ন খাতে উন্নতির গতি বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ড সমর্থন করে না এবং নিরপরাধ কাউকে হয়রানি না করার বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

নগরকান্দা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা এই র‍্যালিতে বিএনপি, ছাত্রদল ও যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন শামা ওবায়েদ ইসলাম। এ সময় উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মাহাবুব আলী মিঞা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মো. ফজলুর রহমান, সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল মুন্সি সুমনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। র‍্যালি শেষে প্রতিমন্ত্রী উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন এবং গাছের চারা রোপণ করেন।

শেয়ার করুন