সততা ছাড়া প্রকৃত সম্মান অর্জন সম্ভব নয়: গোলাম রসুল

প্রকাশ:

সততা ছাড়া সমাজে প্রকৃত সম্মান অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুল। তিনি বলেন, ব্যক্তিগত জীবনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের উন্নতির জন্যও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাঘারপাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম রসুল শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, এসএসসি বা দাখিল পরীক্ষায় ভালো ফল করে স্রোতে গা ভাসিয়ে দিলে চলবে না। উচ্চ মাধ্যমিকের লেখাপড়া একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ পথ নির্ধারণ করে দেয়। এ কারণে সকল শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকে ভালো করে লেখাপড়ায় মনোযোগী হতে হবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাঘারপাড়া উপজেলা শাখা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। শিবিরের বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাঘারপাড়ার কৃতি সন্তান ও চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ডা: জায়েদ আহম্মদ, যশোর পূর্ব জেলা শিবিরের সেক্রেটারি আবু জাফর, শিবির নেতা সাইয়েদুল ইসলাম এবং হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি গোলাম রসুল কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন।

শেয়ার করুন