ফরিদপুরের সদরপুর উপজেলায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়কগুলো নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার করছেন উপজেলা জাতীয়তাবাদী যুবদল নেতা আজিজুল ইসলাম নান্নু। এরই মধ্যে উপজেলার বিভিন্ন ব্যস্ত সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে স্থানীয়দের প্রশংসা অর্জন করেছেন তিনি।
শনিবার (০২ আগস্ট) দুপুরের দিকে উপজেলার গাবতলা বাজার এলাকায় একটি ব্যস্ত সড়কের ভাঙা অংশ স্থানীয় যুবদল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমে তিনি এই সংস্কার কাজ সম্পন্ন করেন। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন আগে ভারী বর্ষণের ফলে গাবতলা-চরভদ্রাসন সড়কের একটি বড় অংশ ধসে গিয়েছিল। এতে ঝুঁকি নিয়ে প্রতিদিন পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন চলাচল করছিল, যা এলাকাবাসীর মধ্যে দুর্ঘটনার আতঙ্ক তৈরি করেছিল। দীর্ঘদিন সড়কটি মেরামত না হওয়ায় মানুষের ভোগান্তি বাড়ছিল। এই পরিস্থিতিতে যুবদল নেতা আজিজুল ইসলাম নান্নুর এমন উদ্যোগে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
এ বিষয়ে যুবদল নেতা আজিজুল ইসলাম নান্নু জানান, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নির্দেশনা এবং তার বড় ভাই জার্মানপ্রবাসী জালালউদ্দীন রুমির অর্থায়নে উপজেলার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, যুবদলের নেতাকর্মীরা স্বেচ্ছায় এই কাজে শ্রম দিচ্ছেন। মানুষের উপকারে কাজ করতে পেরে তিনি সন্তুষ্ট এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।





