রূপগঞ্জে ফেসবুক লাইভ নিয়ে যুবদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর

প্রকাশ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই এলাকায় ফেসবুক লাইভকে কেন্দ্র করে এক যুবদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী নাঈম ইসলাম ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। অভিযোগ উঠেছে, ফেসবুক লাইভে জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করার জেরে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়ভাবে এ নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী নাঈম ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং বর্তমান জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সুলতান মাহমুদের সঙ্গে রাজনীতি করে আসছেন। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি সুলতান মাহমুদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। নাঈম ইসলামের দাবি, লাইভ শেষ করার কিছুক্ষণের মধ্যেই সুলতান মাহমুদের নেতৃত্বে একদল লোক তার বাড়িতে অতর্কিত হামলা চালায়, ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে।

এই ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলে অংশগ্রহণকারীরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মঙ্গলবার সকালেও একই দাবিতে এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেন।

তবে নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা সুলতান মাহমুদ। তিনি দাবি করেন, নাঈম ইসলাম ফেসবুক লাইভে তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, যার ফলে তার সমর্থকরা ক্ষুব্ধ হয়ে থাকতে পারে। তবে হামলার সময় তিনি নিজে ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেন। সুলতান মাহমুদ আরও বলেন, সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেলে তিনি দোষ স্বীকার করবেন এবং এ বিষয়ে সংবাদ প্রচারের আহ্বান জানান।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম জানান, ফেসবুক লাইভকে কেন্দ্র করে যুবদল নেতার বাড়িতে হামলার বিষয়টি পুলিশের নজরে এসেছে। পুলিশ বর্তমানে ঘটনাটি তদন্ত করছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন