জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের জেরে তাকে নিজ নির্বাচনী এলাকার আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে আশুগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল শেষে এই ঘোষণা দেন।
মিছিলটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলের আগে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান সিরাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম চৌধুরী।
সমাবেশে মো. শাহজাহান সিরাজ রুমিন ফারহানার পরিবারের রাজনৈতিক ইতিহাস নিয়ে বিভিন্ন অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, রুমিন ফারহানা ‘আওয়ামী লীগের প্রোডাক্ট’ এবং তার বক্তব্যের মাধ্যমে ‘ভারত ও আওয়ামী লীগের পারপাস সার্ভ’ করা হচ্ছে। সরকারের ছয় মাস পার না হতেই গ্যাস-বিদ্যুৎ সংকটের অজুহাতে সংসদে ‘অসংসদীয় ভাষায়’ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে তিনি রুমিন ফারহানার বক্তব্য প্রত্যাখ্যান করেন এবং তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে রুমিন ফারহানা বিএনপিকে উদ্দেশ্য করে বলেছিলেন, প্রতিটি সরকারেরই নিজস্ব চরিত্র থাকে। তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, সারের সংকট হবে না, কিংবা গরিব কৃষকের সার লুট হবে না—এটা হতে পারে না। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসা মানেই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া এবং ঋণ খেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করা। এই বক্তব্যের প্রতিবাদেই স্থানীয় বিএনপি এই কর্মসূচি পালন করেছে।





