পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বছরের পর বছর ধরে চলমান রোহিঙ্গা সংকট বর্তমানে আরও ঘনীভূত হয়েছে। তিনি স্পষ্ট করেছেন যে, আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা ছাড়া এই সংকট থেকে উত্তরণ অত্যন্ত কঠিন হবে। শনিবার রাজধানীতে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, “১০ বছর হয়ে গেছে, যেটা বাংলাদেশের জন্য একটা বিশাল সমস্যা, বাট ইট ইজ নট বাংলাদেশস প্রবলেম। দ্য প্রবলেম ওয়াজ নট ক্রিয়েটেড বাই বাংলাদেশ, দ্যাট ইজ দ্য রোহিঙ্গা ইস্যু।” তিনি জানান, আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) রোহিঙ্গা ইস্যু নিয়ে একটি সেশন অনুষ্ঠিত হবে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। তিনি উল্লেখ করেন যে, রোহিঙ্গা ইস্যু নিয়ে বারবার আলোচনা হলেও আদতে এই সমস্যা আরও গভীর হয়েছে।
রোহিঙ্গা সংকটের আঞ্চলিক জটিলতা ব্যাখ্যা করতে গিয়ে শামা ওবায়েদ বলেন, বর্ডারের ওপারে মিয়ানমার সরকার ও আরকান আর্মি বিভিন্ন ভাগে বিভক্ত এবং বিভিন্ন দেশের স্বার্থ সেখানে জড়িত। এই আঞ্চলিক জটিল পরিস্থিতির কথা বিবেচনা করে তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টি না করা পর্যন্ত এই সমস্যার সমাধান করা খুবই কঠিন। এছাড়া তিনি উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিদের যার যার অবস্থান থেকে এই সংকটের সমাধানে ভূমিকা রাখার আহ্বান জানান।





