৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংস্কৃতিক কর্মী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

প্রকাশ:

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৩৩। সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া কোনো রাজনৈতিক আন্দোলন কখনোই সফল হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রতিটি বৃহত্তর স্বাধীনতার সংগ্রাম ও গণতান্ত্রিক বিপ্লবের মূল সৈনিকরাই হলেন সাংস্কৃতিক কর্মীরা। সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত ‘একজন নেতার কথা বলছি’ শীর্ষক গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, সাংস্কৃতিক বাহিনী হলো প্রতিটি আন্দোলনের অগ্রগামী ও অগ্রসেনানী। তারা যদি সুসংগঠিত না থাকে, তবে সেই আন্দোলন সফল হওয়া অসম্ভব। বড় বড় মনীষীরাও একই কথা বলে গেছেন। তিনি উল্লেখ করেন, একটি গান বা একটি কলি সমাজ ও রাষ্ট্রে সুনামির চেয়েও বেশি তরঙ্গ সৃষ্টি করতে সক্ষম। ‘বিচারপতি তোমার বিচার করবে যারা’ কিংবা ‘দেশটা তোমার বাপের নাকি’—এমন গান ও স্লোগান মানুষের মধ্যে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে বলে তিনি উদাহরণ দেন।

শিল্পীর শক্তির বিষয়ে রিজভী বলেন, একজন শিল্পী ও একটি গানের শক্তি কয়েকটি এটম বোমার চেয়েও ভয়াবহ হতে পারে, যা স্বৈরতন্ত্রের ভিত নাড়িয়ে দিতে সক্ষম। তিনি আসামে একটি গানের কারণে শিল্পীকে গ্রেপ্তারের ঘটনার উদাহরণ টেনে বলেন, কট্টরপন্থী সরকারগুলো শিল্পীদের এই শক্তিকে ভয় পায়।

তবে শিল্পী হলেই যে সবাই মানবতাবাদী হবেন, তা নয় বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, হিটলারের নাৎসি বাহিনী বা মুসোলিনির ফ্যাসিস্ট শাসনামলেও অনেক বড় বড় শিল্পী তাদের অনুসারী ছিলেন। বর্তমান সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রোকেয়া প্রাচীরা শেখ হাসিনার গুণগান গেয়ে চক্রান্তে লিপ্ত ছিলেন। তিনি বলেন, আহ্‌নাফ, মুগ্ধ ও আবু সাঈদের মতো শহীদদের আত্মদান ও তাদের ঝরানো রক্ত অনেক শিল্পীই উপেক্ষা করেছেন। যারা ফ্যাসিস্টের দোসর হিসেবে কাজ করেছে, তাদের মন সঙ্কীর্ণ ও বদ্ধ বলে তিনি সমালোচনা করেন।

অনুষ্ঠানে জাসাসের যুগ্ম আহ্বায়ক এবং গীতিকার-সুরকার ইথুন বাবুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, শাম্মী আক্তার এমপি এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাসাসের সদস্য খালেদ এনাম মুন্না।

শেয়ার করুন