১৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশ:

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) রাতে দলের সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন এই কমিটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান (মিল্টন) আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

শফিকুল ইসলাম খান বর্তমানে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব ছিলেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অন্যদিকে, সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এবং সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত ৫১ সদস্যের আগের কমিটি বিলুপ্ত করেছিল বিএনপি। সেই কমিটি বিলুপ্তির পর এবার নতুন নেতৃত্ব ঘোষণা করা হলো।

শেয়ার করুন