রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ এক বিশেষ অভিযানে ২২১ লিটার দেশীয় মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানাধীন সাপছড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন এবং উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্রের নেতৃত্বে পুলিশের একটি দল এই সফল অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— সনেন্দ্র ত্রিপুরা (৪২), মো. নুরুল ইসলাম (৬৮), সিএনজি চালক হপেন ত্রিপুরা (২১), ধনী ত্রিপুরা (৩০) এবং গোপন ত্রিপুরা প্রকাশ রাসেল (২৩)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজনের বাড়ি খাগড়াছড়ির গুইমারা থানার সিন্দুকছড়ি ইউনিয়নে। বাকি একজন রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা। রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।”





