খাগড়াছড়ির রামগড় পৌরসভার দক্ষিণ সদুকার্বারীপাড়া এলাকা থেকে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) সকালে নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হেলাল হোসেন সাগর ওই এলাকার আমীর হোসেনের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার হেলালের চাচির মাটির ব্যাংক চুরির ঘটনায় তাকে অভিযুক্ত করেছিলেন তার চাচা ও চাচি। হেলাল দায় স্বীকার করে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমা চাইলেও তারা তাকে ক্ষমা করেননি, বরং উল্টো থানাপুলিশের হুমকি দেন। পরিবারের ভাষ্যমতে, এই লজ্জা ও অপমানে হতাশাগ্রস্ত হয়ে রোববার রাতে ঘরের আঁড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে হেলাল আত্মহত্যা করেছেন।
নিহতের বাবা আমীর হোসেন জানান, সকালে হেলালের মা তার গামছা খুঁজতে গিয়ে দেখেন ছেলের রুমের দরজা ভেতর থেকে বন্ধ। দরজার ফাঁক দিয়ে তিনি ছেলের নিথর দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পরে দরজা খুলে দেখেন হেলাল নেই। তিনি বলেন, গামছাটি পুরাতন হওয়ায় তা ছিঁড়ে যায়। পরবর্তীতে অন্যদের সহযোগিতায় মরদেহটি ঘরের সামনের রুমে রাখা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি ফাঁস দিয়ে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে মরদেহ উদ্ধারের পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। এছাড়া বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





